সিলেটে চাকুসহ ৭ ছিনতাইকারী গ্রেফতার

সিলেট নগরীর কাষ্টঘর ও ধোপা দিঘির পাড়ে পৃথক অভিযান চালিয়ে সাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি চাকু উদ্ধার করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
অভিযানে গ্রেফতার ছিনতাইকারীরা
অভিযানে গ্রেফতার ছিনতাইকারীরা |নয়া দিগন্ত

সিলেট নগরীর কাষ্টঘর ও ধোপা দিঘির পাড়ে পৃথক অভিযান চালিয়ে সাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি চাকু উদ্ধার করা হয়।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ৪টার দিকে নগরীর ধোপা দিঘির পাড়স্থ শিশু পার্ক এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দু’টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর সওদাগরটুলার আলমগীর মিয়ার ছেলে মো: সাজা মিয়া (৩২), সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার পলিগ্রাম বাগবেড় এলাকার মরহুম আব্দুল কাদিরের ছেলে সফর আলী (২৫), শরিয়তপুর জেলার নড়িয়া থানার চাকধ লিয়াকত মাদবরকান্দি গ্রামের মরহুম হামিদ মালতের ছেলে রুবেল মালত (৩৫) এবং নগরীর মাছিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন (৩৬)।

এদিকে, শুক্রবার বিকেলে নগরের মহাজনপট্টি কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে একটি চাকুসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার সদর থানার আলীপুর গ্রামের মরহুম আলকাছ মিয়ার ছেলে মির্জা ছাব্বির (৪৫), একই জেলার বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া (গোল্লা) গ্রামের হাবিব ওরফে হবির ছেলে হাসান (২৯) ও সিলেটের দক্ষিণ সুরমা থানার খানুয়া গ্রামের আব্দুল কালামের ছেলে মো: জাহেদ আহমদ (৩৫)।

গ্রেফতারকৃতরা জানিয়েছেন, তারা বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে মোবাইল, নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাইয়ের সাথে জড়িত।

তারা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলেও জানিয়েছে পুলিশ।