ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় গ্রেফতার ১

ঘটনার সময় সোহেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ডরুমে নেয়ার সময় তাকে মারধর করেন।

মো: সাজ্জাতুল ইসলাম, ময়মনসিংহ

Location :

Bhaluka
গ্রেফতার সোহেল রানা
গ্রেফতার সোহেল রানা |নয়া দিগন্ত

ময়মনসিংহের ভালুকায় আলোচিত ও চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরো এক আসামি মো: সোহেল রানাকে (৩৪) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে থানার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট ওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার গেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঝায়াইল ইউনিয়নের মহাইল গ্রামের তোরাব আলী ওরফে তোরাপ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে ভালুকা থানার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট ওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার গেটের সামনে থেকে সোহেল নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার সময় সোহেল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং দীপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ডরুমে নেয়ার সময় তাকে মারধর করেন। এ সময় কারখানার ভেতরে স্লোগান দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি এবং উপস্থিত জনতাকে নির্যাতনে উৎসাহিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ আরো জানায়, এর আগে গ্রেফতার হওয়া তিন আসামি আদালতে দেয়া দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম প্রকাশ করেছেন।

এদিকে এ মামলায় এখন পর্যন্ত মোট ২৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে জেলা গোয়েন্দা শাখার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।