দিনাজপুরসহ উত্তরাঞ্চলের ১১টি জেলায় জ্বালানি তেলের কৃত্রিম সঙ্কট চলছে। পাম্পগুলোতে ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না। ২৪ ঘণ্টায় মাত্র দুই ঘণ্টা খোলা থাকে পাম্প। আর এরই মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে মোটরবাইক চালকরা। দীর্ঘ সময় দাঁড়িয়ে সামন্যই তেল মিলছে, এটাও ভাগ্যের জোরে। অনেক পাম্প দিন রাত বন্ধ থাকতে দেখা গেছে।
এদিকে দেশের চলমান জ্বালানি তেল সঙ্কট নিরসনে দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম উত্তরাঞ্চলের ১১টি জেলায় জ্বালানি সরবরাহকারী একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে পার্বতীপুর ডিপোতে মনিটরিং কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ব্যবস্থা এবং বিতরণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।



