মাদারীপুরে প্রবীণ সাংবাদিক মো: শাহজাহান খান (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহী রাজিউন)।
বুধবার (১১ জুন) ভোরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মো: শাহজাহান খান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সর্বশেষ অসুস্থ হয়ে তিনি ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রী রেখে গেছেন বলে জানা গেছে।
বুধবার বাদ জোহর মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক শাহজাহান খান দৈনিক ইত্তেফাক পত্রিকার মাদারীপুর জেলা সংবাদদাতা ছিলেন। এছাড়া স্থানীয় দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দীর্ঘ ৫২ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রাখার জন্য বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ লাভ করেন।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে মাদারীপুর জেলায় কর্মরত সকল সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।



