উপকূলীয় জনপদ কয়রা-পাইকগাছার টেকসই উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে সরকারি দফতরগুলোর সমন্বিত ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ের সব দফতর প্রধানদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আজাদ বলেন, ‘আমি এ অঞ্চলের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। সরকারের প্রতিটি দফতরের সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কোনো ফাইল অযথা যেন আটকে না থাকে এবং সেবাগ্রহীতারা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।’
তিনি উপকূলীয় এলাকার দীর্ঘদিনের সমস্যা জরাজীর্ণ বেড়িবাঁধ ও সুপেয় পানির সঙ্কটের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে বলেন, ‘আমি এই লোনাপানির সন্তান। জন্ম ও বেড়ে ওঠা নদীর উপকূলে। আমাদের লড়াই প্রকৃতির সাথে। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।’
তিনি একটি আধুনিক ও স্মার্ট কয়রা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে কৃষি, মৎস্য ও শিক্ষা খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দফতরের প্রধানরা চলমান প্রকল্পের অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরেন। সংসদ সদস্য মনোযোগসহকারে সেগুলো শোনেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সভায় সরকারি অর্থায়নের প্রতিটি কাজের গুণগত মান নিশ্চিতকরণ, দফতরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সাধারণ মানুষের অভিযোগ ও পরামর্শ গ্রহণে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়।
মতবিনিময় শেষে সংসদ সদস্য উপজেলা চত্বরে উপস্থিত স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, যুব বিভাগের সেক্রেটারি মুনায়েম, ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



