মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের মধুখালীতে মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরীক্ষিত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার আশাপুর গ্রামের হাবিবুল ইসলামের ছেলে তামিম ইসলাম (২০) ও তার স্ত্রী শিমলা খাতুন (১৯)। তাদের তিন মাসের একটি সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তামিম তার স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে মোটরসাইকেলে করে ফরিদপুর যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ট্রলি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত্যু ঘোষণা করেন। সেইসাথে শিমলাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে শিমলাকে আহত অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



