রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হলো চার দিনব্যাপী শহীদ আবু সাঈদ বই মেলা। শুরুর দিনই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষের মিলন মোহনা দেখা গেছে মেলা প্রাঙ্গণ জুড়ে।
রোববার (১২ এপ্রিল) বিকেলে ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক মাঠে ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম ও বাবা মকবুল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম শওকাত আলীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
মেলা প্রাঙ্গণে শহীদ আবু সাঈদের আলোকচিত্র ও স্টল পরিদর্শন করার পর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তারা। শহীদ আবু সাঈদ বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি ড. এম শওকাত আলী। এছাড়াও বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো: ফেরদৌস রহমান প্রমুখ।
বইমেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩২টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। চার দিনব্যাপী এই বইমেলা আগামী ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা চালু থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে।
এসময় শহীদ আবু সাঈদের মা বলেন, ‘আমার ছেলের নামে বইমেলা হচ্ছে। এই পৃথিবী যতদিন থাকবে যেন বই বেচা-বিক্রি হয়। আমার ছেলেকে যেন সবাই স্মরণে রাখে।’
আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘আমার ছেলে আবু সাঈদের নামের এই মেলা যেন আরো বেগবান হয়, উন্নত হয়। আরো বড়ভাবে মেলা হয় যেন- এই প্রত্যাশা করতেছি।‘
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকাত আলী জানান, শহীদ আবু সাঈদ সব সময় প্রাসঙ্গিক থাকবে। তার স্মৃতি তার চেতনা সবসময় জাগরুক থাকবে। বৈষম্যহীন বাংলাদেশ তথা বিনির্মিত হবে। এই উদ্দেশ্য নিয়েই আমরা মেলার আয়োজন করেছি। এটা দ্বিতীয়বার হলো। এবারো তার বাবা-মাকে দিয়ে উদ্বোধন করা হলো। এই ধারা অব্যাহত থাকবে।’
মেলা কমিটির আয়োজক মনিরুজ্জামান জানান, ‘এবার নির্বাচনের কারণে মেলাটি ফেব্রুয়ারিতে করা সম্ভব হয়নি। তাই দেরিতেও হলেও আমরা শহীদ আবু সাঈদ মেলা শুরু করলাম। মেলা চার দিন চলবে। আশা করছি মেলা জমে উঠবে। এখানে মেলার পাশাপাশি মঞ্চে প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।’



