ভোট ডাকাতি করতে এলেই সাইজ করে দিবেন : জকসু ভিপি

‘নির্বাচনকে কেন্দ্র করে নানান হুমকি-ধামকি দেয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। ভোলা ও বাউফলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এইগুলোকে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই। বিএনপি কোনো সংগঠিত রাজনৈতিক দল নয়, তাদের কোনো চেইন অফ কমান্ড নেই, তাদের নেতার কথাই কর্মীরা শোনে না। তাদেরকে আপনারা কেন ভয় পাবেন, আমিতো তাদের গোনায়ই ধরি না।’

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Gaurnadi
বক্তব্য রাখছেন জকসু ভিপি মো: রিয়াজুল ইসলাম
বক্তব্য রাখছেন জকসু ভিপি মো: রিয়াজুল ইসলাম |নয়া দিগন্ত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি মো: রিয়াজুল ইসলাম বলেছেন, ‘আপনারা সকালে কেন্দ্রে যাবেন। ভোট দিয়ে তারপর কেন্দ্রের আশেপাশে থাকবেন। কেউ কেন্দ্র দখল করতে এলে, গুণ্ডামী, ডাকাতি করতে এলেই সাইজ করে দিবেন। মাইরের ওপর কোনো ওষুধ নাই। একদিন সাইজ করলে ওরা আর সামনে আগাবে না।’

তিনি বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নানান হুমকি-ধামকি দেয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় হামলা করা হচ্ছে। ভোলা ও বাউফলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। এইগুলোকে খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই। বিএনপি কোনো সংগঠিত রাজনৈতিক দল নয়, তাদের কোনো চেইন অফ কমান্ড নেই, তাদের নেতার কথাই কর্মীরা শোনে না। তাদেরকে আপনারা কেন ভয় পাবেন, আমিতো তাদের গোনায়ই ধরি না।‘

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম খানের সমর্থনে গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

জকসু ভিপি বলেন, ‘যখন তাদের নেতা দেশে এলো, তখন তারা ভেবেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিছু একটা করবে কিন্তু তারা কিছুই করতে পারেনি, আমরা বিজয়ী হয়েছি। বিগত দিনে তাদের সাথে নিয়ে আমরা একসাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগবিরোধী আন্দোলন সংগ্রাম করেছি। কিন্তু যেখানে বিপদ ছিল, সেখানে তাদেরকে আমরা খুঁজে পাইনি। দিন শেষে এরা প্রচুর হুমকি-ধামকি দেবে কিন্তু তারা প্রচণ্ড ভীতু। তাদের ভয় পাওয়ার কিছু নেই। আমরা বরিশালে তাদের একটি আসনেও বিজয়ী হতে দিতে চাই না।’

তিনি বলেন, ‘জুলাই বিপ্লবে এদেশের তরুণ ছাত্রসমাজ ও জনতা বুক পেতে আন্দোলন সংগ্রাম করে লাল কার্ড দেখিয়ে শেখ হাসিনাকে দেশছাড়া করেছে। তারা শেখ হাসিনার মতো শক্ত কোনো দল নয়। তারা বেশি দিন এদেশে রাজনীতি করতে পারবে না। রাজনীতি করতে হলে ‘হ্যা’ ভোটের ক্যাম্পেইন করতে হবে। বাংলাদেশের ইতিহাস বলে ছাত্র সংসদগুলো যাদের হাতে থাকে তারাই সরকার গঠন করে। সেজন্য অহংকারী হওয়া যাবে না। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের মনজয় করে ভোট আনতে হবে।’

বরিশালের মানুষকে সাহসী উল্লেখ করে জকসু ভিপি বলেন, ‘আমি জানি বরিশালের মানুষ অনেক সাহসী ও শক্তিশালী। তাই আপনারা সাহস নিয়ে দাঁড়িয়ে থাকবেন তাহলেই হবে।’

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা মো: কামরুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, গৌরনদী পৌর জামায়াতের আমির হাফিজুর রহমান, উপজেলা জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন সবুজ প্রমুখ।

সবশেষে জকসু ভিপি রিয়াজুল ইসলামের নেতৃত্বে ঢাকা-বরিশাল মহাসড়কের মাহিলাড়া বাজারে দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে মিছিল বের করা হয়।