নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে শনিবার। তবে খেলার শুরুতেই টিকেট স্ক্যানারের ধীরগতির কারণে সিলেট স্টেডিয়ামের গেটে কয়েক হাজার দর্শকের দীর্ঘ লাইন শুরু হয়ে যায়। একপর্যায়ে গেটের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। তবে সবাই বৈধ টিকেটধারী বলে স্থানীয় প্রশাসন ও দর্শক সূত্রে জানা গেছে।
এদিকে সিলেটের মাঠে বিশ্বকাপে অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের এ ম্যাচটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। তবে গেট ভেঙে ভেতরে প্রবেশের ঘটনা অস্বস্তির পাশাপাশি আতঙ্কেরও।
জানা গেছে, বিসিবি কিছুদিন আগে এ সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছিল সর্বনিম্ন ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত। এরপর বেশ কয়েকজন দর্শক টিকিট কেটে মাঠে প্রবেশ করলেও ম্যাচ শুরুর পর কিছু দর্শক অতিরিক্ত ভিড় জমাতে থাকেন এবং পরে গেট ভেঙে তারা ভিতরে ঢুকে পড়েন।
এক দর্শক জানান, তিনি টিকেট ক্রয়ের পরেও শুধু স্ক্যানিংয়ের কারণে টানা ৪ ঘণ্টা লাইনে দাঁড়ানো ছিলেন। এভাবে অনেক দর্শককে সর্বনিম্ন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৫ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়াতে দেখা গেছে। ফলে একপর্যায়ে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তারা গেটের নিরাপত্তা বলয় উপেক্ষা করে ভেতরে প্রবেশ করেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘একদিকে বিসিবির টিকেট স্ক্যানারের ধীরগতি অপরদিকে নেটওয়ার্ক স্লো। সবমিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা দর্শকরা ক্লান্ত ও হতাশ হয়ে ভেতরে ঢুকে পড়েন। তবে সবারই টিকিট ছিল এবং তাদের সুশৃঙ্খলভাবে গ্যালারিতে বসিয়ে দেয়া হয়। তাই কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।’



