রুহিয়া (ঠাকুরগাঁও) সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে হবিজান বেগম (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে রুহিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত হবিজান বেগম রুহিয়া ঘনিমহেশপুর প্রধানপাড়া এলাকার মরহুম সিরাজ উদ্দীনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি রুহিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় অসাবধানতাবশত রেললাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং তার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্ঘটনার পর পরই পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



