বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘ভারতীয় আধিপত্যবাদ ও পুশইনের বিরুদ্ধে সবাইকে কথা বলতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোনো আপস করা হবে না।’
তিনি বলেন, ‘বরিশাল বিভাগের উন্নয়নে আমরা সব সময় সরব ছিলাম, এবারো সংসদে এ বিষয়ে কথা বলেছি। সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বরিশালের উন্নয়নে কাজ করে যাব।‘
শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি সরোয়ার বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা সেটাই দেখেছি। বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল বলেই দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল।’
তিনি বলেন, ‘গণমাধ্যম যখন নির্দ্বিধায় সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারবে, শাসন ক্ষমতায় থাকা ক্ষমতাসীনদের প্রশ্ন করতে পারবে, অনিয়ম দুর্নীতির কথা ভয়মুক্তভাবে বলতে পারবে, ঠিক তখনই গণতন্ত্রের যাত্রা যেমন সূদুরপ্রসারী হবে, তেমনি গণতন্ত্র মজবুত ভিত্তির ওপর দাঁড়াবে।’
বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট আমলে দিগন্ত টিভিসহ অনেক গণমাধ্যম বন্ধ করে দেয়া হয়েছিল। এনটিভিও তখন অনেক সংগ্রাম করে টিকে ছিল। ফ্যাসিবাদের সময় অধিকাংশ টিভি চ্যানেল গণভবনে গিয়ে প্রেস ব্রিফিংয়ের নামে হাসিনা বন্দনায় ব্যস্ত থাকতো। সেই দালালরা যেন এই সরকারের ওপর ভর করে আবার ফিরতে না পারে সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ ও এবায়েদুল হক চান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, বরিশাল সমাজসেবা অধিদফতর প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ, বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, শিক্ষাবিদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এ এইচ এম তসলিম উদ্দিন, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব ঘোষ, বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন প্রমুখ।
বক্তারা জন্মদিনে এনটিভি’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে ২৪তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন অতিথিরা। অনুষ্ঠান পরিচালনা করেন এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারক শাহিন।



