মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আট কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদযাত্রায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।
মঙ্গলবার (২৬ মে) বিকেল ৪টার পর থেকে মহাসড়কের উভয়মুখী সড়কে জামালদী মেঘনা সেতু এলাকা থেকে ভবেরচর পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দেয়। ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত যানবাহন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার টিপুরদী এলাকায় চৈতি গার্মেন্টসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। এর প্রভাব পড়ে গজারিয়া অংশেও। পরে যানজট ভবেরচর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ঢাকাগামী মতলব পরিবহনের যাত্রী সাইফুল ইসলাম বলেন, ‘ভবেরচর এলাকায় পৌঁছানোর পর থেকেই যানজটে আটকা পড়েছি। প্রায় আধাঘণ্টা ধরে গাড়ি একই স্থানে দাঁড়িয়ে আছে। কখন ঢাকা পৌঁছাব বুঝতে পারছি না।’
কুমিল্লাগামী প্রাইভেটকারচালক হাসান মিয়া বলেন, ‘ঈদকে সামনে রেখে মহাসড়কে এমনিতেই যানবাহনের চাপ বেড়েছে। এর মধ্যে সড়ক অবরোধের কারণে পরিস্থিতি আরো খারাপ হয়েছে। পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছি।’
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আখন্দ বলেন, ‘সোনারগাঁওয়ের টিপুরদী এলাকায় শ্রমিকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করছে। শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।’



