ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে সহায়তা দেয়া হবে: বাবর

লুৎফুজ্জামান বাবর বলেন, “প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে তাদের সহায়তা দেওয়া হবে। বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যৌক্তিকতা রাখেন।”

Location :

Madan Upazilla

মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা প্রস্তুত করা হয়েছে, তা গ্রহণযোগ্য হয়নি। প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে অনেক অপ্রাসঙ্গিক নাম অন্তর্ভুক্ত হওয়ায় তালিকাটি নতুন করে যাচাই-বাছাই করা হবে।

শনিবার (৯ মে) বিকেলে নেত্রকোনার মদন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, “প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করে তাদের সহায়তা দেওয়া হবে। বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে, যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যৌক্তিকতা রাখেন।”

তিনি বলেন, বিএনপি ও প্রশাসনের সমন্বয়ে প্রাথমিকভাবে একটি তালিকা করা হলেও সেখানে প্রকৃত কৃষকদের পাশাপাশি অনেক অকৃষকের নামও এসেছে। আবার অনেক প্রকৃত কৃষকের নাম বাদ পড়েছে। এ কারণে নতুন করে তালিকা প্রস্তুত করা হবে।

প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, তালিকা প্রণয়নের সময় কোনো রাজনৈতিক চাপ গ্রহণ না করে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। “যারা সহায়তা পাওয়ার যোগ্য, তারাই পাবেন। যারা যোগ্য নন, তারা পাবেন না। এ বিষয়ে বিএনপির নেতাকর্মীরাও প্রশাসনকে সহযোগিতা করবে,”—বলেন তিনি।

তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

জেলেদের প্রসঙ্গে লুৎফুজ্জামান বাবর বলেন, জেলেদের জন্য আলাদা কোনো বরাদ্দ না থাকলেও এ বিষয়ে ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে এবং বিকল্পভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। হাওরে মাছ সংরক্ষণের স্বার্থে অবৈধ জাল ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারিভাবে হাওরে মাছ ছাড়া হবে, পাশাপাশি তিনি নিজ উদ্যোগেও মাছ অবমুক্ত করবেন।

হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে নয়, দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে হাওর এলাকার বাস্তবভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী, সহকারী কমিশনার (ভূমি) শাওলীন নাহার, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদল সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।