আড়াইহাজারে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রোববার সন্ধ্যায় নিজের অটোরিকশাটি নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হারুণ। এরপর রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি এবং তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা
চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকশা |প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মো: হারুণ নামে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৬ জুলাই) বিকেলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এর আগে, রোববার (৫ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলার জাঙ্গালিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হারুণ পার্শ্ববর্তী সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের বিসনাদীর ভিটিপাড়া এলাকার মো: অলিউল্লাহর ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নিজের অটোরিকশাটি নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হারুণ। এরপর রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি এবং তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়। সোমবার সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন এলাকায় মাইকিং করে তার সন্ধান চালাচ্ছিলেন।

বিকেলে আড়াইহাজার উপজেলার জাঙ্গালিয়া এলাকায় একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশ ও হারুণের পরিবারকে খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি হারুণের বলে শনাক্ত করেন।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক হারুণকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এবং গাড়িটি নিয়ে পালিয়ে গেছে। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।