মানুষের বিদ্যুৎ ও গ্যাস পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে : আসিফ মাহমুদ

বাংলাদেশ এখন একটি কঠিন সঙ্কটময় সময় পার করছে। নির্বাচনের আগে জনগণকে বলা হয়েছিল, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এখনো দেশের মানুষ কাঙ্ক্ষিত সংস্কার পায়নি।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘মানুষের বিদ্যুৎ ও গ্যাস পাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো না থাকলেও গ্রাহকদের বিল আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। এই অর্থ কোথায় যাচ্ছে, তার হিসাব জনগণ এখনো পায়নি।’

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বিদ্যুৎ-গ্যাস সরকার আমাদের বিনা মূল্যে দেয় না। এগুলোর জন্য জনগণকেই টাকা দিতে হয়। অথচ বিদ্যুৎ থাকে না, কিন্তু আগে যে বিল এক হাজার ২০০ টাকা ছিল, এখন তা চার হাজার টাকা হয়ে গেছে। এই অর্থ কোথায় যায়, তার কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাইনি।’

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে আইসিইউতে চলে গেছেন।’

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এনসিপির এই মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ এখন একটি কঠিন সঙ্কটময় সময় পার করছে। নির্বাচনের আগে জনগণকে বলা হয়েছিল, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এখনো দেশের মানুষ কাঙ্ক্ষিত সংস্কার পায়নি। অনেক মানুষ তিনবেলা খাবারের সুযোগ থেকেও বঞ্চিত।’

তিনি বলেন, ‘বাসায় বিদ্যুৎ নেই, বিদ্যুতের ভূতুড়ে বিল আছে, গ্যাসের চুলায় আগুন নেই, গরিবের কাজ নেই। লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছে।’

গণভোটের প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালিয়েছে। কিন্তু নির্বাচনের পর ১৮ কোটি মানুষকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি।’

তিনি বলেন, ‘১১ দলীয় ঐক্যজোট ও জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থানের পর থেকে মানুষের অধিকার ও রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও জনগণের সমর্থন নিয়ে তাদের অধিকার আদায়ের কথা বলা হবে।’

‘কোনো বাধা, সঙ্কট, হুমকি, হামলা ও মামলাকে ভয় না করে আমরা আপনাদের প্রতিবাদের ভাষা হয়ে থাকব’ বলে বক্তব্য শেষ করেন আসিফ মাহমুদ।

পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।