নেসকোসহ আঞ্চলিক দফতর স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মানববন্ধন

তারা অবিলম্বে নেসকোসহ সব আঞ্চলিক দফতর রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান। একইসাথে উত্তরাঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা, আঞ্চলিক বৈষম্য দূর করা এবং রাজশাহীর উন্নয়ন স্বার্থ রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
ছবি : নয়া দিগন্ত

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিসহ (নেসকো) বিভিন্ন আঞ্চলিক সরকারি দফতর রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগর শাখা।

মঙ্গলবার দুপুরের দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী। তিনি বলেন, ‘রাজশাহী থেকে নেসকোসহ বিভিন্ন আঞ্চলিক দফতর বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ এ অঞ্চলের মানুষের সাথে দীর্ঘদিনের বৈষম্যেরই বহিঃপ্রকাশ। রাজশাহীর জনগণ এ ধরনের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না।’

তিনি আরো বলেন, ‘আজকের এই মানববন্ধন রাজশাহীর অধিকার, স্বার্থ ও উন্নয়ন রক্ষার আন্দোলনের সূচনা মাত্র। সরকার যদি এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে না আসে এবং জনগণের প্রত্যাশা ও জনমতের প্রতি সম্মান না দেখায়, তাহলে রাজশাহীর মানুষের স্বার্থ রক্ষায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’

মোবাশ্বের আলী অভিযোগ করেন, ধারাবাহিকভাবে রাজশাহী অঞ্চলের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সরকারি দফতরের গুরুত্ব কমিয়ে দেয়ার চেষ্টা চলছে। এতে উত্তরাঞ্চলের অর্থনীতি, কর্মসংস্থান ও প্রশাসনিক কার্যক্রম নেতিবাচক প্রভাবের মুখে পড়তে পারে।

এতে আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব মো: আতিকুর রহমান, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, রাজশাহী জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, কেন্দ্রীয় নারীশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক উরসী মাহফিলা ফাতিহা, গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, রাজশাহী জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মোতালেব হোসেন, পবা উপজেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক আহসান উল্লাহ সরকার, গোদাগাড়ী উপজেলা ছাত্রশক্তির সদস্য সচিব শিহাব শাহরিয়ার, রাজপাড়া থানা এনসিপির নেত্রী বিলকিস আক্তার এবং চন্দ্রিমা থানা এনসিপির আহ্বায়ক তাহাজ্জত হোসেন।

বক্তারা বলেন, নেসকো প্রতিষ্ঠার পর থেকে রাজশাহী উত্তরাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। এ ধরনের প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেয়া হলে রাজশাহীর প্রশাসনিক গুরুত্ব কমে যাবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সেবাখাতেও নেতিবাচক প্রভাব পড়বে।

তারা অবিলম্বে নেসকোসহ সব আঞ্চলিক দফতর রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান। একইসাথে উত্তরাঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করা, আঞ্চলিক বৈষম্য দূর করা এবং রাজশাহীর উন্নয়ন স্বার্থ রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।