নড়াইল প্রতিনিধি
নড়াইলে পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসে চার্জশিট (অভিযোগপত্র) দেয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু সাংবাদিকদের এসব তথ্য জানান।
ওসি অজয় কুমার কুন্ডু জানান, শিশু জান্নাতিকে ধর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র আসামি রবিউল সিকদার রবির (৩৫) বিরুদ্ধে চার্জশিট দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে নড়াইল সদর আমলী আদালতে চার্জশিট দাখিল করা হয়।
গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে প্রতিবেশী ও ফুফাতো ভাই রবির বিরুদ্ধে পাঁচ বছরের শিশু জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া যায়। অভিযুক্ত রবি রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে ও পেশায় রাজমিস্ত্রি।
ঘটনায় পরের দিন ২১ জুলাই জান্নাতির বাবা মফিজুর রহমান রবিকে আসামি করে সদর থানায় মামলা করেন। ওইদিন সকাল ৯টার দিকে দত্তপাড়া এলাকা থেকে রবিকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।



