নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দু'জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
সোমবার (৯ জুন) রাত ১০টার দিকে উপজেলার তারাবো এলাকার সুলতানবাগে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন অটোরিকশার যাত্রী শাহরিয়ার হাসান আকাশ (২৯)। তিনি উপজেলার তারাবো পৌরসভার সুলতানবাগ এলাকার সাংবাদিক মরহুম আবুল হাসান আসিফের ছেলে এবং ইসলামী ব্যাংকের স্থানীয় এজেন্ট ব্যাংকিং শাখার কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় নিহত অটোরিকশাচালকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে শাহরিয়ার হাসান আকাশ, সায়মন ও তামিম সরকার নামের তিন বন্ধু তারাবো বিশ্বরোড এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে সুলতানবাগের বাড়িতে ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাসের সাথে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক নিহত হন এবং তিন বন্ধু গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। আহত দু’জন চিকিৎসাধীন রয়েছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাইয়েস চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।



