চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদক মামলায় ১৫ বছর করে সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ারা থানাধীন ৩নম্বর রায়পুর ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা মামলার এসব দণ্ডপ্রাপ্ত আসামিদের আটক করা হয়। আদালত তাদের প্রত্যেককে ১৫ বছর সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃতরা হলেন রায়পুর ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে মো: আব্দুল গফুর (৪৩), লেদু মিয়ার ছেলে আব্দুর রহিম (৫৬), মরহুম আলতাফের ছেলে মো: সিরাজ (৬৭) এবং মরহুম মাবু আলীর ছেলে মোহাম্মদ হোসেন (৫৮)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী বলেন, ‘গভীর রাতে পরিচালিত পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, ২০১৫ সালে কক্সবাজার সদর থানাধীন বঙ্গোপসাগর এলাকায় র্যাবের অভিযানে প্রায় ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ এসব আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মামলার বিচার শেষে আদালত তাদের বিরুদ্ধে এ রায় দেন।



