বরিশালে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে দাঁড়িপাল্লার উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
বরিশালের বাইশারী ইউনিয়নে দাঁড়িপাল্লার উঠান বৈঠকে
বরিশালের বাইশারী ইউনিয়নে দাঁড়িপাল্লার উঠান বৈঠকে |নয়া দিগন্ত

বরিশাল জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মাহমুদ মাহবুব মাস্টার বিএনপি ত্যাগ করে তিন শতাধিক নেতাকর্মী নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে দাঁড়িপাল্লার উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে এ যোগদান অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে ছিলেন বরিশাল-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার নায়েবে আমির ও বানারীপাড়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মান্নান মাস্টার।

তিনি বলেন, ‘আজকের এই জনসমাগমই প্রমাণ করে, জনগণ পরিবর্তন চায় এবং সে পরিবর্তনের নেতৃত্ব দেবে জামায়াতে ইসলামী। আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতিতে বিশ্বাসী। জামায়াতে ইসলামী কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ বা অপরাধীকে আশ্রয় দেয় না। খুন, রাহাজানি, ধর্ষণ ও লুটপাটের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই।’

তিনি আরো বলেন, ‘এই আদর্শিক রাজনীতির কারণেই আজ বিভিন্ন দল থেকে হতাশ নেতাকর্মীরা জামায়াতের পতাকাতলে এসে সমবেত হচ্ছেন। ইনশাআল্লাহ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ।’

বিশেষ অতিথির বক্তব্যে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতারা বলেন, গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের মতো জনপ্রিয় ও ত্যাগী নেতার যোগদান বানারীপাড়ায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে।

গোলাম মাহমুদ মাহবুব মাস্টার বলেন, ‘জামায়াতে ইসলামীতে কোনো মাদকসেবী নেই, নেই কোনো চাঁদাবাজ বা লুটেরা। তারা দেশ ও ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। আমি সেই সত্য ও ন্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ এখানে এসেছি। ইনশাআল্লাহ, জীবনের শেষ দিন পর্যন্ত জামায়াতের আদর্শের সৈনিক হয়ে কাজ করবো।’

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গোলাম মাহমুদ মাহবুব মাস্টারের নেতৃত্বে বিএনপির একটি বড় অংশের জামায়াতে যোগদান বরিশাল-২ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ যোগদান জামায়াতে ইসলামীর মাঠ পর্যায়ের শক্তিকে আরো সুসংহত করবে বলে ধারণা করা হচ্ছে।