বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় এলে জুলাই বিপ্লবে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার আগে করতে দলটির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন ওই ঘটনায় প্রথম শহীদ হওয়া রংপুরের আবু সাঈদের বাবা মকবুল হোসেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় তারেক রহমান রংপুরের পীরগঞ্জের বাবনপুরে তাদের বাড়ি গেলে এ আবেদন জানান তিনি।
শুক্রবার সন্ধ্যা ৬টায় শহীদ আবু সাঈদের বাড়িতে যান তারেক রহমান। সেখানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও নেতাকর্মীদের নিয়ে আবু সাঈদের কবর জিয়ারত করেন। পরে তিনি দোয়া-মোনাজাতে অংশ নেন। এরপর তিনি যান বাড়ির উঠোনে। সেখানে তার বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের সদস্যদের সাথে বসেন। তাদের খোঁজ-খবর নেন। এবং তাদের কথা শোনেন। এ সময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
এসময় তারেক রহমানকে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘আল্লাহ যদি আপনাকে ক্ষমতায় আনেন, তাহলে প্রথমেই আবু সাঈদসহ জুলাই বিপ্লবে সকল হত্যাকাণ্ডের বিচার করেবন। আহতদের সুচিকিৎসাসহ পুনর্বাসন করবেন। পীরগঞ্জসহ সারা বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।’
এসময় তারেক রহমান মকবুল হোসেনকে প্রতিশ্রুতি দেন যে, শহীদ আবু সাঈদসহ সকল হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং দেশের সকল সূচকে উন্নয়ন করবেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখান থেকে বের হয়ে রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠের জনসভার উদ্দেশে রওনা দেন।
এর আগে বগুড়া থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা দিলে পথে পথে দুইপাশে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান নেতাকর্মী ও সাধারণ মানুষ।
কালেক্টরেট মাঠ উপচিয়ে জনতার স্রোত ছড়িয়ে পড়েছে নগরীর প্রধান সড়কে।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।



