গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বেশি ভূমিকা রেখেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি সর্বপ্রথম বাংলাদেশে মেয়েদের শিক্ষাকে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি করে সকলের ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিয়েছিলেন।

Location :

Faridpur
শিক্ষার্থীদের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু
শিক্ষার্থীদের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু |নয়া দিগন্ত

সালথা (ফরিদপুর) সংবাদদাতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় চরম ধস নেমেছিল। কিন্তু বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। যে কারণে এবার বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে শিক্ষাখাতে। আমাদের যেমন শিক্ষার প্রয়োজন, তেমনি কর্মসংস্থানেরও প্রয়োজন। তাই আমাদের সন্তানরা যাতে কারিগারি শিক্ষা নিয়ে দেশ-বিদেশে গিয়ে কাজ করতে পারে, সেই ব্যবস্থা সরকার করছেন।’

রোববার (১৬ আগস্ট) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলা অডিটোরিয়ামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুলড্রেস, পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশে শিক্ষা ব্যবস্থায় বেশি ভূমিকা রেখেছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া। তিনি সর্বপ্রথম বাংলাদেশে আমাদের মেয়েদের শিক্ষাকে প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি করে সকলের ঘরে ঘরে শিক্ষা ব্যবস্থা পৌঁছে দিয়েছিলেন। তার সুযোগ্যপুত্র ও উত্তরসূরী প্রধানমন্ত্রী তারেক রহমান একধাপ এগিয়ে নিয়ে এই শিক্ষা আরও চার বছর বাড়িয়ে গ্রাজুয়েশন পর্যন্ত নিয়ে গেছেন।’

তিনি বলেন, ‘আমাদের সন্তানদের যদি মানুষ করতে হয় ও তাদের সুন্দর একটি জীবন দিতে, তাহলে মাদক মুক্ত সমাজ গড়তে হবে। আমাদেরকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তানদেরকে ঠিকমতো পড়ার টেবিলে বসাতে হবে। যাতে তারা মানুষের মতো মানুষ হয়ে দেশ পরিচলনায় সহযোগিতা করতে পারে।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: দবির উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. শাহিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরোজা সুলতানা, সহকারি পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বাবলুর রহমান খান, উপজেলা শিক্ষা অফিসার তাশেম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক ভাইস চেয়ারম্যান মো: আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা এনায়েত হোসেন, হাসান আশরাফ প্রমুখ।