প্রবল বৃষ্টিতে ভেঙে গেছে হিজুলিয়া সড়ক, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

হিজুলিয়া দর্জিবাড়ি এলাকা থেকে বাজার পর্যন্ত অসংখ্য স্থানে পাইপ বসানোর পর যথাযথভাবে সড়ক সংস্কার করা হয়নি। ফলে টানা বর্ষণে দুর্বল অংশগুলো ধসে গিয়ে একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে
সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে |নয়া দিগন্ত

টানা কয়েক দিনের ভারী বর্ষণে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের হিজুলিয়া-নেগিরকান্দি সড়কের একাধিক স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে হিজুলিয়া বাজারসহ অন্তত পাঁচটি গ্রামের মানুষের উপজেলা সদরের সাথে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার (১৩ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে ধস ও বড় বড় খানাখন্দ সৃষ্টি হওয়ায় যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ভাঙা অংশের দুই পাশে ব্যাটারিচালিত অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকে থাকতে দেখা যায়। বিকল্প সড়ক না থাকায় চিকিৎসা, শিক্ষা, বাজারসহ জরুরি প্রয়োজনে উপজেলা সদরে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, শুধু অতিবৃষ্টিই নয়; পাকা সড়ক কেটে এলজিইডির বিভিন্ন বাড়িতে পাইপ স্থাপনের কারণেও সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে।

তাদের দাবি, হিজুলিয়া দর্জিবাড়ি এলাকা থেকে বাজার পর্যন্ত অসংখ্য স্থানে পাইপ বসানোর পর যথাযথভাবে সড়ক সংস্কার করা হয়নি। ফলে টানা বর্ষণে দুর্বল অংশগুলো ধসে গিয়ে একাধিক স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী জানান, বর্তমান পরিস্থিতিতে রোগী, বিশেষ করে প্রসূতিকে হাসপাতালে নেয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত সড়কটি সংস্কার না করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

বড়টিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: সোহেল দর্জি দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা নেয়ার দাবি জানান।

এ বিষয়ে ঘিওর উপজেলা প্রকৌশলী মুহাম্মদ আলী বলেন, ক্ষতিগ্রস্ত সড়কটি পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Topics