খুলনায় রাশিকুল আলম রাশু (৩০) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রাশু নগরীর দেয়ানার বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শরিফুল আলমের ছেলে। খুলনা মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাশু দৌলতপুর কল্পতরু মার্কেটের একটি দোকানে কেরামবোর্ড খেলছিলেন। এ সময় দুই থেকে তিন যুবক এসে গুলি করে পালিয়ে যান। তিনটি গুলি তার মাথা ও ঘাড়ে বিদ্ধ হয়। পরে লোকজন রাশুকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আশরাফ বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই রাশুর মৃত্যু হয়েছে।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কেএমপির উপপুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন রায় বলেন, ‘কী কারণে ও কারা রাশিকুল আলম রাশুকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’



