নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে হামলায় চারজন আহত হয়েছেন। এ সময় নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশ (২৬), তার প্রতিবেশী সামিউল হোসেন (১৯), রফিক মিয়া (২২) ও তার বড় বোন আলেয়া আক্তার (৩৫)।
জানা গেছে, শনিবার রাতে পূর্বশত্রুতার জেরে ৪০ থেকে ৪৫ সদস্যের একদল হামলা চালায়। রামদা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল, লোহার রড, এসএস পাইপ, চাকুসহ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারীরা শাহাদাত হোসেন আকাশের গ্যারেজ ও বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তারা আকাশ, সামিউল, রফিক ও আলেয়াকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। হামলাকারীরা গাড়ির গ্যারেজে ও বসতবাড়িতে থাকা ১০টি অটোরিকশা, মোটরসাইকেল, সিসি ক্যামেরা, গাড়ির ব্যাটারি ও নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যান। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে আলেয়া আক্তার বাদী হয়ে ১১ জনকে নামীয় ও অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘ব্যবসায়ী শাহাদাত হোসেন আকাশের বাড়িতে হামলার ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



