অক্সিজেন সঙ্কটে অসুস্থ নবজাতককে কোস্টগার্ডের জরুরি চিকিৎসা সেবা

সোমবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
কোস্টগার্ডের জরুরি সেবা
কোস্টগার্ডের জরুরি সেবা |নয়া দিগন্ত

মেঘনায় চলন্ত যাত্রীবাহী লঞ্চে অক্সিজেন সঙ্কটে অসুস্থ এক নবজাতককে জরুরি চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা।

সোমবার (৩০ মার্চ) দুপুরে মেঘনা নদীর ষাটনল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় চলন্ত লঞ্চে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে খবর পেয়ে দ্রুত কোস্টগার্ডের একটি মেডিক্যাল টিম পাগলা স্টেশন থেকে লঞ্চে গিয়ে জরুরি চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠাতে সক্ষম হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার জনৈক এক ব্যক্তি তার তিনদিনের অসুস্থ শিশুকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ‘এম ভি সম্পদ’ লঞ্চ যোগে ভোলার ইলিশা হতে ঢাকার উদ্দেশে রওনা হন। লঞ্চটি বেলা ১টায় চাঁদপুরের মতলব উত্তর থানাধীন ষাটনল সংলগ্ন এলাকায় পৌঁছালে অক্সিজেনের অভাবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়। তৎক্ষণাৎ লঞ্চে উপস্থিত শিশুর পিতা কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিক্যাল টিম অক্সিজেন সিলিন্ডারসহ হাই স্পিড বোট যোগে দ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং শিশুটিকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে।

পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্টগার্ডের বোট যোগে স্টেশন পাগলায় আনা হয় এবং সিভিল অ্যাম্বুলেন্স যোগে মা ও শিশুকে হাসপাতালে পৌঁছে দেয়া হয়।