বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া পিরোজপুরের দুটি নৌকায় ধরা পড়েছে ১১১টি লাক্ষা মাছ। এসব মাছ বাজারে ২২ লাখ টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ওই মাছগুলো জাকির নামের এক পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করা হয়েছে। পরে মাছগুলোকে চট্টগ্রামের ফিশারীঘাট ও কক্সবাজারে পাঠানো হয়।
স্থানীয় জেলেদের সূত্রে জানা গেছে, সম্প্রতি জিয়ানগর উপজেলার পূর্ব চরবলেশ্বর গ্রামের দুলাল ফকিরের একটি ট্রলারসহ দুটি ট্রলার মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। সেখানে গিয়ে জেলেরা সাগরে জাল ফেলে ১১১টি লাক্ষা মাছ পান। প্রতিটি লাক্ষা মাছ ১২ থেকে ২২ কেজি ওজনের। মূল্যবান লাক্ষা মাছ পাওয়ার পর জেলেরা সাগর থেকে পাড়েরহাট মৎস্য অবতরণকেন্দ্রে নিয়ে আসেন। সেখানে স্থানীয় মৎস্য ব্যবসায়ী জাকির প্রতিমণ ৬৫ হাজার থেকে ৯০ হাজার টাকা হিসেবে মোট ২২ লাখ টাকায় কিনে নেন।
আড়ত সূত্রে জানা যায়, এসব লাক্ষা মাছ দেশের বিভিন্ন বড় বাজারে পাঠানো হবে। বিশেষ করে কক্সবাজার ও চট্টগ্রামের ফিশারীঘাটে এসব মাছ সরবরাহ করা হবে, যেখানে এ ধরনের সামুদ্রিক মাছের ব্যাপক চাহিদা রয়েছে।
স্থানীয় জেলেরা জানান, দীর্ঘদিন মাছ ধরার অবরোধ থাকার পরে ঝুঁকি নিয়ে সাগরে মাছ ধরার পর এ ধরনের বড় চালান তাদের জন্য আশার আলো হয়ে আসে।



