মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন ও ডিপোতে উপজেলা প্রশাসন নজরদারী বাড়িয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় অভিযান চালিয়ে শান্ত সরকার ও সত্যজিৎ সরকার নামে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো: মুবিল্লাহ আকন।
এব্যাপারে ভ্রাম্যমাণ আদালত ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মুবিল্লাহ আকন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, অভিযান পরিচালনা করে দেখা য়ায় এই দুই প্রতিষ্ঠানে অতিরিক্ত জ্বালানি তেল ও এলপিজি গ্যাস মজুত করে রাখা হয়েছে। অতিরিক্ত এলপিজি গ্যাস ও তেল জব্দ করে ফায়ার সার্ভিসের জিম্মায় রেখেছি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে যোগ করেন তিনি।



