বুড়িচংয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

সকালে সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে বুড়িচং কলেজগেট এলাকার ওয়ালটন শোরুমের সামনে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়।

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
নিহত কলেজছাত্র সাইদুল ইসলাম, (ডানে) ঘটনাস্থলে জনতার ভিড়
নিহত কলেজছাত্র সাইদুল ইসলাম, (ডানে) ঘটনাস্থলে জনতার ভিড় |নয়া দিগন্ত

কুমিল্লার বুড়িচংয়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো: সাইদুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) সকালে বুড়িচং কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম উপজেলার পূর্ণমতি আনন্দপাড়া গ্রামের খালেক মিয়ার ছোট ছেলে এবং সাহেবাবাদ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইদুল ইসলাম মোটরসাইকেলযোগে বুড়িচং কলেজগেট এলাকার ওয়ালটন শোরুমের সামনে পৌঁছালে একটি বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে সেটি আটক করে।

পরে গুরুতর আহত অবস্থায় সাইদুল ইসলামকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।