ঝালকাঠি শহরতলীর গাবখান এলাকায় একটি কলার গাছের এক ছড়াতে জন্মেছে ১২টি কলার মোচা। বিস্ময়কর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহলিদের ভিড় পড়েছে।
এলাকাবাসী জানায়, সড়কের পাশে গত বছর বেশ কয়েকটি কলাগাছ রোপণ করেন স্থানীয়রা। সম্প্রতি ওই গাছগুলো থেকে একটি গাছে বের হয় একটি ছড়া। কিন্তু ও ছাড়ায় একটি মোচা হওয়ার কথা থাকলেও ঘটে বিস্ময়কর ঘটনা। একই ছড়া থেকে একেএকে একটি দুইটি নয়, ১২টি কলার মুচি বের হতে দেখেন এলাকাবাসী। আর তা নিয়ে রীতিমতো গ্রাম ও বাজারে হৈচৈ পড়ে গেছে।
কৌতূহলি লোকজন প্রতিদিন ভিড় করছে এ দৃশ্য দেখতে। কেউ কেউ আবার ছবি তুলে নিয়ে যাচ্ছেন।
স্থানীয়রা বলছেন, এমন ঘটনা কেউ কোনোদিন এর আগে দেখেনি। একে শেষ জামার ইঙ্গিত বলেছেন অনেকে। গ্রামের বাজারের চায়ের দোকানও এখন বিস্ময়কর ১২ কলার মোচার গল্পে নিয়েই আড্ডা জমেছে।
ঝালকাঠি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক (উদ্ভিদবিজ্ঞান) মো: কামরুল ইসলাম তালুকদার বলেন, ‘সাধারণত একটি কলাগাছ একটিমাত্র কলার মোচা ধারণ করে। তা থেকে কলা উৎপন্ন হয়। কখনো এই স্বাভাবিক ঘটনার ব্যতিক্রম ঘটে। কিছু প্রাকৃতিক ঘটনা যেমন— মিউটেশন এর জন্য দায়ী হতে পারে। মিউটেশন এর দ্বারা কলা গাছের শীর্ষে অস্বাভাবিক কোষ বিভাজন হয়। ফলে একের অধিক কলার মোচা উৎপন্ন হয়। এছাড়াও অক্সিন, সাইটোকাইনিন নামক উদ্ভিদ বৃদ্ধি হরমোনের প্রভাবেও এঘটনা ঘটতে পারে। কলা গাছের রোগ, অধিক সার প্রয়োগ ও পরিবেশের দুষণ এ ঘটনায় পরোক্ষভাবে দায়ী হতে পারে।’
তিনি বলেন, ‘মোদ্দাকথা এটি সুনির্দিষ্ট কোনো রোগ নয়, প্রাকৃতিক নিয়মের এক ব্যতিক্রম মাত্র। এটি প্রকৃতিতে নতুন কোনো ঘটনা নয়, আমাদের চারপাশে মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটছে। জীববিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ফ্যাসিয়েশন।’



