রাষ্ট্রকাঠামোর সংস্কার ছাড়া পরিবর্তন সম্ভব নয় : হাসনাত আব্দুল্লাহ

‘একটি বাসের শুধু চালক পরিবর্তন করলেই যেমন সমস্যা সমাধান হয় না, তেমনি রাষ্ট্র পরিচালনায়ও কেবল সরকার পরিবর্তন যথেষ্ট নয়।’

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

Location :

Sirajdikhan

শুধু সরকার বা ‘চালক’ পরিবর্তন করলেই হবে না; রাষ্ট্রের কাঠামোগত সংস্কারও জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা শিকদার মার্কেটের সামনে জুলাই পদযাত্রার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘একটি বাসের শুধু চালক পরিবর্তন করলেই যেমন সমস্যা সমাধান হয় না, তেমনি রাষ্ট্র পরিচালনায়ও কেবল সরকার পরিবর্তন যথেষ্ট নয়।’

তিনি বলেন, ‘বাসের ব্রেক ও চাকা ঠিক না থাকলে দুর্ঘটনা ঘটবেই। রাষ্ট্রব্যবস্থার ক্ষেত্রেও একই বাস্তবতা প্রযোজ্য।’

জনগণের বড় একটি অংশ এ ধরনের কাঠামোগত সংস্কারের পক্ষে মত দিয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সংস্কারের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, নির্বাচন শেষে সরকার তা থেকে সরে এসেছে।

অতীতের নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন, এবারের নির্বাচনেও জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে।

এনসিপির দাবি শুধু সরকার পরিবর্তন নয়, বরং পুরো রাষ্ট্রব্যবস্থার সংস্কার- একথা পুনর্ব্যক্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পুলিশকে নির্দলীয় ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলতে একটি স্বাধীন পুলিশ সংস্কার কমিশন গঠন জরুরি।’

একইসাথে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন এবং সংবিধান সংস্কারের বিষয়েও তিনি সরকারের সমালোচনা করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমান পরিস্থিতি আরো নাজুক হয়েছে।’

থানায় হামলা ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনাকে তিনি সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। বরং দেশে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে বলে তিনি অভিযোগ করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে জনগণ আবার আন্দোলনে নামবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, ‘দলটির শীর্ষ নেতৃত্ব দেশের মানুষের স্বার্থ রক্ষায় আন্তরিক নয়।’

পাশাপাশি সিরাজদিখানে জমি দখলের অভিযোগ তুলে তিনি দাবি করেন, আওয়ামী লীগ-সংশ্লিষ্টদের দখল করা অনেক জমি ৫ আগস্টের পর হাতবদল হয়েছে, কিন্তু স্থানীয় জনপ্রতিনিধিরা কার্যকর ব্যবস্থা নেননি।

সবশেষে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের এনসিপিতে যোগ দেয়ার আহ্বান জানান তিনি এবং বলেন, ‘দেশের গণতন্ত্র ও জনগণের স্বার্থ রক্ষায় এনসিপি আন্দোলন চালিয়ে যাবে।’

সমাবেশে আরো বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, আবু বকর মজুমদার, মুন্সীগঞ্জ জেলা আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং জেলা সদস্য সচিব আব্দুল আলীম। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।