বাগেরহাটের শরণখোলায় বাইজিদ মোল্লা (১৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তার লাশ হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত বাইজিদ মোল্লা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পূর্ব রাজৈর গ্রামের মরহুম জলিল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাইজিদ শরণখোলা থানার সামনের মেসার্স মা স্টিল অ্যা-থাই অ্যালুমিনিয়াম ওয়ার্কশপে কাজ করতেন। দুপুরের দিকে ওয়ার্কশপের মালিক সাইফুল ইসলাম বাইজিদসহ আরো কয়েকজন শ্রমিককে উপজেলার কদমতলা গ্রামের রফিকুল জমাদ্দারের বাড়িতে ঘরের চালায় লোহার অ্যাঙ্গেল ও টিন লাগাতে পাঠান। এ সময় অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বাইজিদ। তার সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা ইব্রাহিম মোল্লা তার ভাতিজার মৃত্যু রহস্যজনক দাবি করে জানান, বাইজিদের মুখ ও শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। এ বিষয়ে সঠিক তদন্ত দাবি করেন তিনি।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নওশিন রিজওয়ানা বলেন, ‘বাইজিদ নামের যুবককে মৃত অবস্থায় তার সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামিনুল হক বলেন, ‘যুবকের মৃত্যু নিয়ে পরিবারের সন্দেহ থাকায় লাশটি ময়নাতদন্তের পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু রেকর্ড করা হয়েছে।’



