টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় রাব্বি (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও দু’জন আহত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে উপজেলার বল্লা ইউনিয়নের কাজীবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি কালিহাতীর রামপুর গ্রামের সারোয়ার হোসেনের ছেলে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া নয়া দিগন্তকে জানান, রাব্বি তার দুই বন্ধু ইফাদ ও জাহিদকে সাথে নিয়ে একটি মোটরসাইকেলে চড়ে রামপুর থেকে টাঙ্গাইল শহরে যাচ্ছিল। অতিরিক্ত গতির কারণে তাদের মোটরসাইকেলটি কাজীবাড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। আহত ইফাদ ও জাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



