গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ‘কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ ও নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরো বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।’
রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি ও খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে জাকারিয়া তাহের বলেন, ‘সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরো লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে।’
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি, কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক, বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান, সাবেক নারী ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।



