ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রোববার (১৫ মার্চ) ভোর ও সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার আজমতপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মো: আলমগীর মিয়া (৩৩), নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি গ্রামের শহিদুল্লাহর ছেলে মো: ইয়াকুব আলী (৩৮) এবং মরহুম হাবিবুর রহমানের ছেলে মো: আলমগীর (৩৮)।
পুলিশ জানায়, সকাল ৬টা ৪৫ মিনিটে টোলপ্লাজা এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ মো: আলমগীর মিয়াকে গ্রেফতার করা হয়। পরে সকাল ৭টা ৫৫ মিনিটে একই এলাকায় মোটরসাইকেলে থাকা ইয়াকুব আলী ও মো: আলমগীরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরো ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, এ ঘটনায় আশুগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা করে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।



