চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ) সদস্যরা সাপটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে থ্রি-এসএ গ্রুপের সদস্যরা সাপটি উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের গহীন অরণ্যে অবমুক্ত করে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় সাপটিকে দেখতে পান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমন সাকিব। পরে তিনি থ্রি-এসএ’র সাথে যোগাযোগ করলে সাপটি উদ্ধার করেন উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া। উদ্ধার হওয়া সাপটি বার্মিজ প্রজাতির। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি।
এ বিষয়ে থ্রি-এসএ গ্রুপের সদস্য মোহাম্মদ ইমরান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি। পরে সেটিকে গহীন অরণ্যে অবমুক্ত করে দেই। খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংসসহ বিভিন্ন কারণে এ ধরনের সাপ প্রায়ই লোকালয়ে চলে আসে।’



