শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩৫ বাড়িঘর ভাঙচুর, আহত ২ নারী

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের ইয়াকুব মণ্ডল ও স্থানীয় মাহমুদুল হাসান টিটোর সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

নাসিরুল ইসলাম, শ্রীপুর (মাগুরা)

Location :

Magura
বাড়িঘর ভাঙচুর
বাড়িঘর ভাঙচুর |নয়া দিগন্ত

মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হামিদা বেগম (২৫) ও সুমি বেগম (৩৫) নামে দু’জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩৫টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সোমবার সকালে ১০ জনকে আটক করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের ইয়াকুব মণ্ডল ও স্থানীয় মাহমুদুল হাসান টিটো সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রোববার বিকেলে লাঙ্গলবাঁধ বাজার থেকে বাড়ি ফেরার সময় চাকদাহ গোরস্থান ব্রিজের পাশে পৌঁছালে ইয়াকুব মণ্ডলের সমর্থক মোফাজ্জল, রইচ শেখ, শরিফুল শেখ, হামিদুল শেখ, আহম শেখ মাহমুদুল হাসান টিটোর সমর্থক রাকিব শেখকে মারার জন্য ধাওয়া করেন।

এ ঘটনার পর রাত ৮টার দিকে ইয়াকুব মণ্ডলের সমর্থকেরা টিটোর সমর্থকদের বাড়িঘরে হামলা চালান। এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হাফিজার, আমিন উদ্দিন, পাঞ্জাব আলী, ওমর, কাসেম, ছাকেন, মিঠু, দুলাল, বক্কার, আকেন, আকমল, কালাম, মকবুল, কুরবান আলী, রুপচাদ, ইউসুফ মণ্ডল, জাকিরসহ কমপক্ষে ২০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় মাহমুদুল হাসান টিটোর সমর্থক হামিদা ও সুমি আহত হন। আহতরা বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পাল্টা হামলায় মাহমুদুল হাসান টিটোর সমর্থকেরা ইয়াকুব মণ্ডলের সমর্থক মিজানুর রহমান, হাসেম, তারিকুল, নায়েব আলী, নজির, শরিফুল শেখ, জামাল, হান্নান, ইয়াকুব, মিজান, শামসুসহ কমপক্ষে ১৫টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

মাহমুদুল হাসান টিটোর সমর্থক ওমর আলী বলেন, ‘ইয়াকুব মণ্ডলের সমর্থক মোজাম্মেল, হামিদুল, রইচ, রেজাউল, ওহাব, জনি, আকিদুল এরা সবাই আশেপাশের গ্রামের ২০০ থেকে ৩০০ লোকজন নিয়ে এসে আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। আমার ছেলের স্ত্রীকে মেরে দু’পা ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’

ইয়াকুব মণ্ডলের সমর্থক শরিফুল শেখের স্ত্রী সালমা বেগম বলেন, ‘বাজারে কারে নাকি দাবাড়াইছে শুনলাম। তারপর দেখি সবাই ঢাল, সর্কি গোছাচ্ছে। পরে আমাদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করে। আমি এ ঘটনার সঠিক বিচার চাই।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন মিয়া জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকা থেকে ১০ জনকে আটক করা হয়েছে। কোনো পক্ষই এ বিষয়ে অভিযোগ দাখিল করেনি।