শেরপুরের নালিতাবাড়ীতে ১২ দিনের ব্যবধানে নিখোঁজ হওয়া ছয় মাদরাসা শিক্ষার্থীর মধ্যে তিনজনকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে পুলিশ ও স্বজনদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করা হয়।
উদ্ধাররা হলো উপজেলার পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।
এর আগে, রোববার দুপুরে একসাথে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার এই তিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এরপর সোমবার তাদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদেরকে উদ্ধার করতে তৎপর হয়। সোমবার বিকেলে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম ও নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ফোর্স নিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাঠে নামেন। সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদে তাদেরকে পাওয়া যায়। বর্তমানে উদ্ধার শিক্ষার্থীদের পরিবারের হেফাজতে পাঠানো হয়েছে।
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো: আফসান আল আলম ও ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



