নুসরাতের মায়ের সন্তুষ্টির চেয়ে পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

নুসরাতের মা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, দেশবাসীর কাছে আমিও আমার পরিবারের নিরাপত্তা চাই। তারা আমার ছেলেদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। যেকোনো সময় কোনো ক্ষতি করতে পারে। ঘর-বাড়িতে হামলা করতে পারে। আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের নিরাপত্তা চাই। আর কিছু চাই না। মেয়েকে এখন আর ফিরে পাবো না।’

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
প্রেস বিফিংয়ে নুসরাতের মা
প্রেস বিফিংয়ে নুসরাতের মা |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষণার পর সন্তুষ্টির চেয়ে পরিবারের নিরাপত্তা নিয়ে বেশি উদ্বিগ্ন নুসরাতের মা। রায় ঘোষণার পর সোনাগাজী পৌরসভার বাড়িতে গণমাধ্যমের সামনে তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

সোমবার রায় ঘোষণার সাথে সাথে নুসরাতের মা বলেন, তারা আদালতের রায়ে সন্তুষ্ট। তবে পরিবারের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন।

তার অভিযোগ, তার ছেলেদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। যেকোনো সময় তাদের ক্ষতি করা, বাড়ি-ঘরে হামলা কিংবা আগুন দেয়ার আশঙ্কা করছেন তিনি।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, দেশবাসীর কাছে আমিও আমার পরিবারের নিরাপত্তা চাই। তারা আমার ছেলেদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছে। যেকোনো সময় কোনো ক্ষতি করতে পারে। ঘর-বাড়িতে হামলা করতে পারে। আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের পরিবারের নিরাপত্তা চাই। আর কিছু চাই না। মেয়েকে এখন আর ফিরে পাবো না।’

প্রশাসনের প্রতি পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়ে নুসরাতের মা বলেন, তার ছেলেদের পাশাপাশি আত্মীয়-স্বজনদেরও বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা কারো ক্ষতি করি নাই। আমার মেয়েকে তারা হত্যা করেছে। আবার তারা বলেছে, আমার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা আত্মহত্যার নাটককে হত্যা বলে মামলা করেছি—এমন কথাও অনেকে বলেছে। আজ দেশের সর্বোচ্চ আদালতও বলেছে, আমার মেয়ে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে।’

তিনি আরো বলেন, এখন তিনি আর কিছু চান না, শুধু পরিবারের নিরাপত্তা চান। এ সময় বিলাপ করতে করতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার আকুতি জানান নুসরাতের মা।

এর আগে, রোববার থেকে ফেনী সহকারী পুলিশ সুপারের নির্দেশে সোনাগাজী মডেল থানা পুলিশ নুসরাত জাহান রাফির সোনাগাজী পৌর শহরের বাড়িতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করে। পুরো বাড়ি আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হয়। রায় ঘোষণাকে কেন্দ্র করে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছিলেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নুসরাত জাহান রাফির পরিবারকে যতদিন প্রয়োজন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ততদিন নিরাপত্তা দেয়া হবে। নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকবে পরিবারটি।