ট্রাফিক ব্যবস্থাপনায় ডিজিটাল যুগের সূচনা

রাঙ্গামাটিতে অনলাইন বাস টার্মিনাল ও সিএনজি চালকদের ডিজিটাল ডাটাবেস চালু

বাড়বে নিরাপত্তা, কমবে যানজট

‘এই ডিজিটাল উদ্যোগ ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়াবে, সড়কে অনিয়ম কমাবে এবং যাত্রীদের ভোগান্তি হ্রাস করবে। পাশাপাশি রাঙ্গামাটিকে একটি নিরাপদ, আধুনিক ও পর্যটকবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
মন্ত্রী দীপেন দেওয়ান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন
মন্ত্রী দীপেন দেওয়ান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন |নয়া দিগন্ত

পর্যটননির্ভর রাঙ্গামাটিতে সড়ক নিরাপত্তা জোরদার, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপদ ও আধুনিক পরিবহন সেবা নিশ্চিত করতে বড় ধরনের ডিজিটাল উদ্যোগ নিয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ। এর অংশ হিসেবে ‘অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)’ এবং সিএনজি থ্রি-হুইলার চালকদের সমন্বিত ডিজিটাল ডাটাবেস কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে, যাত্রী হয়রানি কমবে এবং পর্যটকদের জন্য আরো নিরাপদ পরিবেশ তৈরি হবে।

শনিবার (১৬ মে) বিকেলে রাঙ্গামাটির কাঠালতলী সড়ক বাঁধ এলাকার লেকভিউ গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেন।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের পরিকল্পনা ও নির্দেশনায় এই প্রযুক্তিনির্ভর উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক, পরিবহন মালিক ও চালক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে মোটরসাইকেলচালক ও আরোহীদের মধ্যে হেলমেট ব্যবহারে সচেতনতা বাড়াতে ‘নো হেলমেট, নো রাইড’ লেখা স্টিকার ও হেলমেট বিতরণ করা হয়। জেলা পুলিশের ট্রাফিক বিভাগ এ কার্যক্রম পরিচালনা করে।

পুলিশ কর্মকর্তারা জানান, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন জেলা হওয়ায় প্রতিদিন রাঙ্গামাটিতে স্থানীয় যাত্রীদের পাশাপাশি বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে। কিন্তু দীর্ঘদিন ধরে সমন্বিত ডিজিটাল ব্যবস্থাপনার অভাবে যানবাহন ও চালকদের তথ্য সংরক্ষণ, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নানা জটিলতা তৈরি হচ্ছিল। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রযুক্তিনির্ভর এ উদ্যোগকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নতুন কার্যক্রমের আওতায় রাঙ্গামাটি শহরে চলাচলরত সব সিএনজি চালিত থ্রি-হুইলার ও চালকদের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেস তৈরি করা হয়েছে। ইতোমধ্যে জেলায় নিবন্ধিত এক হাজার ৪১৬টি সিএনজি থ্রি-হুইলার এবং সহস্রাধিক চালকের তথ্য সংগ্রহ ও নিবন্ধন সম্পন্ন হয়েছে।

নিবন্ধিত যানবাহনে কিউআর কোড সংবলিত ডিজিটাল স্টিকার সংযুক্ত করা হবে। যাত্রী ও পর্যটকরা মোবাইল ফোন দিয়ে ওই কিউআর কোড স্ক্যান করে চালকের ছবি, নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। একইসাথে তারা পরিবহন সেবার মান নিয়ে মতামত ও রেটিং দিতে পারবেন।

পুলিশ কর্মকর্তারা জানান, যাত্রীদের দেয়া রেটিংয়ের ভিত্তিতে চালকদের মূল্যায়ন নির্ধারণ করা হবে। এর মাধ্যমে দক্ষ ও দায়িত্বশীল চালকদের উৎসাহিত করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ ও অনিয়মকারী চালকদের শনাক্ত করা সহজ হবে। ফলে যাত্রী নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পর্যটকদের জন্য আরো আস্থাশীল পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।

অন্যদিকে ‘অনলাইন বাস টার্মিনাল (ওবিটি)’ ব্যবস্থার মাধ্যমে ট্যুরিস্ট ও যাত্রীবাহী বাসের তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল পার্কিং এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। এখন থেকে পর্যটন মৌসুমসহ সারা বছর রাঙ্গামাটিতে প্রবেশের আগেই ট্যুরিস্ট বাসগুলোকে অনলাইনে নিবন্ধন করতে হবে। পাশাপাশি বাস কর্তৃপক্ষ ও পর্যটকদের মোবাইল বার্তা বা ই-মেইলের মাধ্যমে নির্ধারিত পার্কিং সংক্রান্ত তথ্য ও নির্দেশনা পাঠানো হবে।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ডিজিটাল পার্কিং ব্যবস্থা চালুর ফলে ইতোমধ্যে ট্যুরিস্ট বাস চলাচলে শৃঙ্খলা বৃদ্ধি পেয়েছে, যত্রতত্র পার্কিং কমেছে এবং শহরের যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

সংশ্লিষ্টদের মতে, এই ডিজিটাল উদ্যোগ ট্রাফিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়াবে, সড়কে অনিয়ম কমাবে এবং যাত্রীদের ভোগান্তি হ্রাস করবে। পাশাপাশি রাঙ্গামাটিকে একটি নিরাপদ, আধুনিক ও পর্যটকবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ এ উদ্যোগ সফল করতে পরিবহন মালিক, চালক, যাত্রী ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।