সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন কোম্পানীগঞ্জ রোড থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্যসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কেওয়াছড়া ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো: আমিনুর রশিদ জুবের (২০)। তিনি সিলেট জেলার জৈন্তাপুর থানার লামাশ্যামপুর এলাকার আফতাব উদ্দিনের ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে এয়ারপোর্ট থানাধীন সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের কেওয়াছড়া ভূমি অফিসের সামনে অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— চার হাজার চার পিস সিওপ-জি ক্রিম, দুই হাজার ২০০ পিস বেটনোভেট-এন ক্রিম, দুই হাজার ৬৮৮ পিস মিল্ক রাইস জনসন’স বেবী ক্রিম। এসবের আনুমানিক বাজারমূল্য নয় লাখ ৩৩ হাজার ৭৬০ টাকা।
সোমবার (১১ মে) এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।



