যশোরে আলমগীর (৫৫) নামে এক চালককে হত্যা করে রিকশা নিয়ে গেছে সন্ত্রাসীরা। রোববার (১৫ মার্চ) রাত আটটার দিকে যশোর সদর উপজেলার ভাটপাড়া প্রাইম ইটভাটা রোডে এ ঘটনা ঘটে।
নিহত রিকশাচালক আলমগীর সদর উপজেলা চাঁচড়া বড় মাদরাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। তিনি ঝুমঝুমপুর শ্মশান সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কিছু দুর্বৃত্ত যাত্রীবেশে আলমগীরের রিকশাটি ভাড়া করে ভাটপাড়া প্রাইম ইটভাটার নির্জন সড়কে নিয়ে যায়। সেখানে পৌঁছালে দুর্বৃত্তরা তার মাথায় আঘাত করে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে গোলাম রাব্বি নামে এক পথচারী তাকে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব বলেন, হাসপাতালে আনার আগেই আলমগীরের মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশাটি ছিনতাই করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নির্জন স্থানে নিয়ে গিয়ে মাথায় আঘাত করে রিকশাটি নিয়ে চম্পট দেয়। তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। অপরাধীদের শনাক্ত ও ছিনতাই হওয়া রিকশাটি উদ্ধারে অভিযান শুরু করেছে পুলিশ।



