বড়াইগ্রামে জমি নিয়ে দ্বন্দ্বে হামলা-ভাঙচুর, আহত ৫

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, হামলা ও ভাঙচুরের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
বড়াইগ্রামের দ্বারিকুশী এলাকায় প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত বসতঘর
বড়াইগ্রামের দ্বারিকুশী এলাকায় প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্ত বসতঘর |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে অতর্কিত হামলায় বৃদ্ধা ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। এ সময় দুটি বাড়ি ও একটি চায়ের স্টল ভাঙচুর করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশী রানীর বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দ্বারিকুশী রানীর বাজারের জরিপ শেখের ছেলে মো: মজনু (৩০), আহসান শেখের স্ত্রী করিমন বেওয়া (৯০), বজলুর রহমানের স্ত্রী শিরিন আক্তার (৩২), আরিফ হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮), ফজলুর রহমানের মেয়ে ফাতেমা খাতুন (১৭) ও ছেলে হোসাইন আহমেদকে (৩) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দ্বারিকুশী গ্রামের বজলুর রহমান ও তার ভাই ফজলুর রহমানের সাথে ৬ শতাংশ জমি নিয়ে প্রতিবেশী মোকাব্বর হোসেন ও তার স্বজনদের দ্বন্দ্ব চলে আসছিল। এ ব্যাপারে আদালতে একাধিক মামলা চলমান। শনিবার হঠাৎ করেই মোকাব্বর হোসেন বহিরাগত লোকজন নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বজলুর রহমান ও তার ভাইয়ের বাড়িতে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করে। এ সময় তারা বজলুর রহমানের চায়ের স্টল, চুলা ও অন্যান্য আসবাবপত্রসহ দুটি বাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারী মোকাব্বর হোসেনকে (৫৫) আটক করে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্থ বজলুর রহমান বলেন, আদালতে জমি নিয়ে মামলা থাকা সত্ত্বেও তারা গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে এসে অতর্কিত হামলা চালিয়েছে। তারা আমার উপার্জনের একমাত্র অবলম্বন দোকানসহ বাড়িঘর ভাঙচুর করেছে।

অপরদিকে, মোকাব্বর হোসেনের স্ত্রী সাজেদা বেগম বলেন, তারাই জোর করে আমাদের জমি দখল করে রেখেছে। সেজন্য আমাদের ছেলেরা আজ তা উদ্ধার করতে গিয়েছিল। তবে মারপিটের অভিযোগ সঠিক নয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, হামলা ও ভাঙচুরের অভিযোগে একজনকে আটক করা হয়েছে। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।