নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৫২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে গ্রেফতার এক মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ সেপ্টেম্বর) ভোরে ও সকালে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে নাজিরপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাওখালী গ্রাম থেকে বিভিন্ন জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিরা হলেন ওই গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে তপন হালদার, রাজেন্দ্রনাথ হালদারের ছেলে রবীন্দ্রনাথ হালদার ও নারায়ণ চন্দ্র হালদারের দুই ছেলে রিপন হালদার ও অনুপ হালদার।
এছাড়া, এসআই সালিহিনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ঝনঝনিয়া খেয়াঘাট সংলগ্ন রিভারভিউ রেস্টুরেন্টের সামনে অভিযান চালায়। এ সময় ৫২ পিস ইয়াবাসহ সাগর বাইন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। আটক সাগর বাইন উপজেলার চাপাখালী গ্রামের বিকাশ বাইনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, রোববার ভোরে উপজেলার মাটিভাঙ্গা এলাকা থেকে মাদক সেবনের অপরাধে গোলক বৈদ্ধ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক গোলক বৈদ্ধ উপজেলার অতুল নগর গ্রামের নগেন বৈদ্ধর ছেলে। পরে নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগীর ভ্রাম্যমাণ আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



