ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি এলাকায় ধানক্ষেত থেকে জীবিত এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় অটোরিকশাচালক মো: আব্দুল হালিম (২৫) ধানক্ষেত থেকে ভেসে আসা কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন।
পরে তিনি বিষয়টি ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমানকে জানান।
খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে নবজাতককে হাসপাতালে পাঠান। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে জানান, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।
আব্দুল হালিম ও তার স্ত্রী মজিদা খাতুন শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, শিশুটির নিরাপত্তা ও আইনি অভিভাবকত্বের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে শিশুটি ওই দম্পতির তত্ত্বাবধানে রয়েছে।



