পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) সকাল ৯ টায় নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে এলাকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময়ে পথসভায় বক্তারা বলেন, মাদক দেশের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে মাদকের বিরুদ্ধে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তারা বলেন, মাদকের বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কর্মসূচির আহ্বায়ক মো: জাকির হোসেন, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: আদিল হোসেন হাওলাদার, মো: মামুন বাহাদুর, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: মনির হোসেন, মো: ইকবাল হোসেন, ৪নম্বর দীর্ঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: রেজাউল কবির (বিপ্লব), ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি – মো: আজমল হোসেন দিপু, ৪নম্বর দীর্ঘা ইউনিয়ন জামায়াতের আমির মো: মাহাবুবুর রহমান, নাজিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আল-আমিন খান এবং নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: মোস্তাফিজুর রহমান মাসুদ।
এ সময় নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক এলাকাবাসী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন।



