স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান, ময়মনসিংহে বিএনপির ৩০ নেতা বহিষ্কার

শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনের বিএনপির ৩০ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তকে দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রের কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা এবং পৌর বিএনপির সংশ্লিষ্ট ৩০ নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কবি মোজাম্মেল হোসেন খানসহ একাধিক প্রভাবশালী নেতা, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সদস্যরা এবং ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্য পর্যায়ের নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী মাঠে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ আসছিল। একাধিকবার সতর্ক করা হলেও সংশ্লিষ্ট নেতারা তা উপেক্ষা করেন। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয়ভাবে এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে দলীয় বিভাজন ঠেকাতে বিএনপি কঠোর বার্তা দিতে চাচ্ছে। এই বহিষ্কার সেই কৌশলেরই অংশ।