ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় শাহ আলম (৬০) নামে এক বৃদ্ধ কাঠমিস্ত্রির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা আলোচনা।
শনিবার (১৭ মে) সকালে পৌরসভার দক্ষিণ নয়াপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে বিভিন্ন আলামত সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের দাবি, রোববার (১৭ মে) ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের ঘটনা ঘটে। একপর্যায়ে শাহ আলম উত্তেজিত হয়ে নিজের মাথায় আঘাত করেন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন।
এদিকে ঘটনাটিকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। স্থানীয়দের অনেকে বলছেন, একজন ব্যক্তি এভাবে নিজের গলা কেটে আত্মহত্যা করা কতটা সম্ভব—তা নিয়ে সন্দেহ রয়েছে। ফলে ঘটনাটি আত্মহত্যা নাকি পূর্বপরিকল্পিত হত্যা, তা নিয়ে এলাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা।
তবে প্রাথমিকভাবে রহস্যজনক মৃত্যু হিসেবে বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



