বরিশালের মুলাদী উপজেলায় কৃষি ক্ষেত্রে নতুন সংযোজন হয়েছে ব্রি ধান ১০২। উপজেলার নাজিরপুর ইউনিয়নে পার্টনার প্রকল্পের আওতায় স্থাপিত ব্রি ধান ১০২-এর ফিল্ড ওরিয়েন্টেশন টেকনোলজি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম কৃষি সম্প্রসারণ অফিসার মো: হারুন উর রশিদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তারিকুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা চিন্ময় মন্ডল।
পার্টনার প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে নতুন নতুন উচ্চ ফলনশীল ও ঘাতসহনশীল জাত সম্প্রসারণ করা। তাই বিভিন্ন ইউনিয়নে পিএফএস ভুক্ত কৃষকদের মাধ্যমে নতুন জাতের প্রদর্শনী স্থাপন করা হয়েছে।
উপজেলায় এ বছর ব্রি ধান ১০২-এর আবাদ হয়েছে ৫ হেক্টর জমিতে। যেখানে মোট বোরো আবাদ হয়েছে ১৩৩৫ হেক্টর।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম বলেন, ব্রি ধান ১০২ জিংক সমৃদ্ধ ধান ও নতুন জাত। যার ফলন প্রতি হেক্টর জমিতে ৮ টন হতে পারে। বর্তমানে মাঠের যে অবস্থা তাতে ভালো ফলন আশা করা যায়।
এ সকল প্রদর্শনীতে কৃষকদের ড্রাম সরবরাহ করা হয়েছে। যেখানে বীজ সংরক্ষণ করা হবে, যা পরবর্তী বছরে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে কৃষক বিক্রি করবেন।



