ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
রোববার (৩০ আগস্ট) সকালে স্বাস্থ্যমন্ত্রী কোনো পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালে পৌঁছান এবং বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সাথে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের খাদ্যের মান, ওষুধ সরবরাহ ও শৌচাগারের পরিচ্ছন্নতার পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হাফিজুর রহমান মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।
পরিদর্শনকালে পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি জানতে পেরে মন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই ডিরেক্টর জেনারেলকে (ডিজি) ফোন করেন এবং তাকে সদরপুরে বদলির নির্দেশ দেন।
পরে স্থানীয় সাংবাদিকদের সাথে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এছাড়া হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একজন গাইনি ডাক্তার ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাস দেন তিনি।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জুলহাস হোসেন সৌরভ, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফর আলীসহ আরো অনেক কর্মকর্তা ও কর্মচারীরা।



